হিলিতে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলির ডাঙ্গাপাড়া এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস লাইনচুত্য হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনের বগিরও কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ ফেরদৌস।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনসহ যাত্রীরা।

এদিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচুত্যির ঘটনায় পার্বতীপুর থেকে সান্তাহার, রাজশাহী, খুলনা ও ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে রাত ৯টা নাগাদ বাংলা হিলির ডাঙ্গাপাড়া এলাকায় লাইনচুত্য ট্রেনটি ঠিক হবে বলে জানা গেছে। রাত সাড়ে ৯টা বা ১০টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

স্থানীয়রা জানান, শনিবার বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে জয়পুরহাটের উদ্দেশ্যে যাবার সময় বিকাল সোয়া ৫টার দিকে বাংলা হিলির ডাঙ্গাপাড়া নামক এলাকায় রেলের নির্মাণধীন ব্রিজের উপর এসে লাইনচুত্য হয়। এসময় ট্রেনের পিছনের ২টা বগির ৪টি চাকা রেলের লাইন থেকে নিচে পরে যায়। এ ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের উদ্ধারকর্মীরা গিয়ে ট্রেনটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে কাজ শুরু করেন।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শনিবার বিকাল ৫টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির দুটি বগির ৪টি চাকা লাইনচুত্য হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রেলের উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন। রাত ৯টার নাগাদ স্বাভাবিক হবে বলে আশা করা যায়।

জানতে চাইলে পাবর্তীপুর রেল স্টেশনের মাস্টার জিয়াউল আহসান বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আগে গেছে। পরে বরেন্দ্র এক্সপ্রেস গেছে। আপাতত কোন ট্রেন নেই। তবে ঢাকা বা ওই দিক থেকে নীলসাগর, একতা, বরেন্দ্র ট্রেন আসবে। যতক্ষন লাইন ঠিক হবে না ততক্ষণ ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।’

বার্তাবাজার/এসজে/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর