যুবলীগ নেতার হাতের চার আঙ্গুল কেটে নিল ছাত্রলীগ নেতারা

সাতক্ষীরায় জাহিদুর রহমান অন্তু নামের এক যুবলীগ নেতার হাতের চারটি আঙুল কেটে নিয়েছে ছাত্রলীগ নেতারা। চায়ের দোকানে ছাত্রলীগ নেতাদের খাওয়ার বিল পরিশোধ করা নিয়ে দ্বন্দ্বের জেরে তার হাতের আঙ্গুল কেটে নেয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবলীগ নেতাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সদর থানায় মামলা করেছেন যুবলীগ নেতার বাবা আবুল হাসান।

আহত মুজাহিদুর রহমান অন্তু সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আবুল হাসানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌরভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত. গিয়াজউদ্দীনের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পুরাতন সাতক্ষীরা এলাকার বাবু তালুকদারের ছেলে সোহেল রানা।

ভুক্তভোগী যুবলীগ নেতা অন্তুর বাবা জানান, বুধবার সকালে শহরের বাকাঁল এলাকায় রোজ মার্কেটের এক চায়ের দোকানের বিল পরিশোধের জন্য আমার ছেলে মুজাহিদুর রহমান অন্তুর কাছ থেকে ২০ টাকা দাবি করে ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন, জাহিদ হোসেন ও সোহেল রানা। তাদের দাবিকৃত ২০ টাকা দেয়ার পরও তাদের সঙ্গে আমার ছেলের মনোমালিন্য হয়। ঘটনার দিন দুপুরে অন্তু প্রয়োজনীয় কাজে শহরের উদ্দেশে রওনা দিলে রাস্তায় নাহিদ, জাহিদ, রানাসহ অজ্ঞাত ৪-৫ জন ধারালো অস্ত্রহাতে পথরোধ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তুর বাম হাতের চারটি আঙুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাদুজ্জামান বলেন, যুবলীগ নেতার বাম হাতের আঙুল কেটে নেয়ার ঘটনায় আহতের বাবা আবুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর