পুলিশ ও র‌্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় আটক ৩

ঢাকার সাভারে সাভারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) অভিযান চালিয়ে কয়েক বছর আগে পুলিশ কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ওরফে এমপি সালাউদ্দিনসহ তিনজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৪ জানায়, শুক্রবার বিকালে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১৯০ গ্রাম হিরোইন এবং ৫০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

এব্যাপারে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গাংচিল বাহিনী ২০০২ সালে আমিনবাজার এলাকার পাশে সাভার থানার ১জন এসআইকে হত্যা, ২০০৭ সালে ২জন র‌্যাব সদস্যকে হত্যা, দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির অস্ত্রলুট এবং আমিন বাজার এলাকায় নৌ টহল দলের অস্ত্রলুট এর সাথে জড়িত ছলো। এ বাহিনী তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে বালুভর্তি ট্রলার, ইটের কার্গোতে ডাকাতি ও আমিন বাজার এলাকার শতাধিক ইটভাটা থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করতো।

এছাড়াও এলাকার প্রভাবশালীদের টার্গেট করে গাংচিল বাহিনীর সদস্যরা মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, খুন, ডাকাতি, মাদক ব্যবসা, ছিনতাইসহ তুরাগ আর বুড়িগঙ্গা নদীর দুই ধারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করাই ছিল এই বাহিনীর প্রধান কাজ।

উল্লেখ্য, এই বাহিনীর প্রতিটি সদস্যের বিরুদ্ধে পূর্বে সাভার মডেল থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মারামারির একাধিক মামলা রয়েছে।

আটক গাংচিল বাহিনীর প্রধানসহ তিনজনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর