বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে মাছ ধরা নিয়ে জেলেদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জেলে আহত হয়েছে। শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের বগী স্টেশনের ডুমুরিয়া টহল ফাঁড়ি সংলগ্ন নদেীতে শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার জেলেদের মধ্যে এ ঘটনা ঘটে। আহত জেলেদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের রফেজ জমাদ্দারের ছেলে কামাল জমাদ্দার (৪৫), মৃত কাদের মল্লিকের ছেলে ছরোয়ার মল্লিক (৪০) ও মৃত লতিফ খলিফার ছেলে কালাম খলিফা (৩০)।
ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, দুপুরে তারা বলেশ্বর নদীতে ইলিশের জাল ফেলে নৌকায় অবস্থান করছিলেন। একই সময় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবনিয়া গ্রামের জেলে আ. হাই গাজীর ছেলে সুমন গাজী, মৃত হানিফ গাজী ছেলে ছগির গাজী, মৃত সিরাজ গাজী ছেলে রাসেল গাজী ও মৃত হাসেম গাজী ছেলে সাহাদাৎ গাজী একই এলাকায় জাল পাতেন। নদীর স্রোতে জালের ওপর জাল উঠে যাওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদের তিনজনকে আহত করেন। এসময় প্রায় ২০ হাজার টাকা মূল্যের জাল কেটে নিয়ে যায় হামলাকারীরা। তবে, এব্যাপারে প্রতিপক্ষ জেলেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন আহত জেলেরা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, জেলেদের মারধরের বিষয়টি শুনেছেন। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস