ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে পাটের গুদামে আগুন লেগে দুইটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শুক্রবার (১৮সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিতার বাজারে পাট ব্যবসায়ী মাওলা বিশ্বাসের দুইটি পাটের গুদাম ও মাহাবুব শেখের স্টীলের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে।
ঘর মালিক রুহুল আমিন বিশ্বাস বলেন, দুপুর ২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে দুইটি পাটের গুদাম ও একটি স্টীলের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা হবে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. জাফর শেখ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
বার্তা বাজার / ডি.এস