হাটহাজারী মাদরাসা খোলা রাখার ও নিয়মিত ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। শুক্রবার মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পূর্বে বয়ানে একথা জানান তিনি। তিনি বলেন, তোমরা ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করবে। তোমরা পড়ালেখায় মনোযোগী হও এবং আগামীকাল থেকে মাদরাসা খোলা থাকবে ও ক্লাস যথারীতি চলবে। তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন, আল্লামা আহমদ শফী চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন।
জুমার নামাজের জন্য মাদ্রাসার শাহী গেইটের পকেট গেইট খুলে দেয়া হলেও মুসল্লীরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর তা আবার বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতরাতে হাটহাজারী মাদরাসার মুহতামিম পদ ছেড়ে দেন আল্লামা শাহ আহমদ শফী। তার ছেলে আনাস মাদানীকেও মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
চলমান পরিস্থিতির জন্য জুনায়েদ বাবুনগরীকে দায়ী করেছেন আল্লামা শফীর ছেলে আনাস মাদানী। শিক্ষা মন্ত্রণালয় গতকাল হাটহাজারী মাদরাসা বন্ধ ঘোষণা করে। যদিও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। মাদরাসা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি।
বার্তা বাজার / ডি.এস