গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ মোসলেম প্রধান (৬৮) নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আজ (শুক্রবার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত মোসলেম প্রধান কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাঠি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কারাগার সূত্রে জানা যায়, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মোসলেম। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, যুদ্ধাপরাধী মামলায় মোসলেম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগে ভোগছিলেন।
বার্তাবাজার/এসজে