নারায়ণগঞ্জের বাইতুল ফালাহ্ জামে মসজিদের ওজুর পানির লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৬০) নামে এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ্ জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুনির হোসেনের মৃত্যু হয় এবং মসজিদটির মুয়াজ্জিন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শহরের বাবুরাইল এলাকার আব্দুল মজিদের ছেলে নিহত মনির হোসেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, আজ সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ্ জামে মসজিদের তৃতীয় তলায় স্যানেটারি মিস্ত্রি মনির হোসেন পানির পাইপ লাইন রড দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছিলেন। রড দিয়ে পাইপ লাইনে খোঁচা দেওয়ার সময় রডের অপর প্রান্ত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে মনির তৃতীয় তলার পানির ট্যাঙ্কের ওপর থেকে নিচে দোতলায় পড়ে যান।
ওসি বালেন, বিদ্যুৎ তাড়িত হয়ে মনিরের শরীর ঝলসে যায়। মনিরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত মুয়াজ্জিন সোলায়মানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেন তিনি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বার্তাবাজার/কেকে