মাগুরায় বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

মাগুরায় ত্রিমুখী দুটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার দুপুরে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমিন, আরিফ, ফখরুল ও নুর ইসলাম। দুর্ঘটনায় আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছুটে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। খাদে পড়ে যাওয়া চাকলাদার পরিবহনের অনেকেই কমবেশি আহত অবস্থায় বেরিয়ে আসলেও ৪ জন আটকা পড়ে। পরে যশোর ও মাগুরা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আটকে পড়া ওই ৪ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে এবং একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহতদের প্রত্যেকেই পুরুষ সদস্য।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, নিহতদের মধ্যে দুই জন চাকলাদার পরিবহনের সুপার ভাইজার এবং হেল্পার। বাকি দুইজন যাত্রী। দূর্ঘটনা কবলিত পরিবহন ৩ টিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর