দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে এক হাজার ৫৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা চার হাজার ৮৮১ জন।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি পরীক্ষাগারে ১২ হাজার ৮১৪টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭৩০টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯-এ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ছয়জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২১ জনের এবং অপরজনের বাসায় মৃত্যু হয়।
বার্তাবাজার/অমি