নারায়ণগঞ্জে আবারও একটি মসজিদের অজুখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে বাবুরাইল এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদের অজুখানার পানির হাউস পরিষ্কার করতে গিয়ে লোহার পাইপ বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারের সঙ্গে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় পাইপ মিস্ত্রি মনির হোসেন মারা গেছেন। এ সময় মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হয়েছেন। নিহত মনির হোসেন বাবুরাইল এলাকার মোজাফ্ফর কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শহরের ২নং বাবুরাইল এলাকার একটি মসজিদের অজুখানার হাউস পরিষ্কার করার সময় একটি লোহার রড উঁচু করতে গিয়ে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। এতে পাইপ মিস্ত্রি মনির হোসেন দগ্ধ হয়ে মারা যান। আর বিস্ফোরণে মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বার্তা বাজার/এস.আর