যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর-শাশুড়ি, স্ত্রীসহ পাঁচ জনকে কুপিয়ে আহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর-শাশুড়ি, স্ত্রী, স্ত্রীর বড় বোন ও তার এক সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী স্বপন মিয়াকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আহতরা হলেন- মহেড়া গ্রামের মৃত হবি মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬০), তার স্ত্রী সূর্যভানু বেগম (৫২), মেয়ে শিলা আক্তার (১৮), শিলার বড় বোন রাজিয়া বেগম (২৫) ও রাজিয়ার তিন বছরের শিশুকন্যা তাইবা। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেড়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে একই উপজেলার জামুর্কী ইউনিয়নের পূর্ব গোড়ান গ্রামের আতোয়ার হোসেনের ছেলে স্বপনকে বিয়ে হয়। বিয়ের পরেই যৌতুকের জন্য স্বপন তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন শুরু করে। বিষয়টি শিলা তার বাবাকে জানায়।
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকদিন আগে শিলা বাবার বাড়ি মহেড়া গ্রামে চলে আসেন।

গত বুধবার শিলা বিষটি মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়াকে জানায়। গতকাল সন্ধ্যায় স্বপন চাকু ও দা নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। রাত ৮টার দিকে বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই স্বপন ঘরে তালা দিয়ে শ্বশুর সিরাজ মিয়া, শাশুড়ি সূর্যভানু বেগম, স্ত্রী শিলা আক্তার, স্ত্রীর বড় বোন রাজিয়া বেগম ও তার তিন বছরের সন্তান তাইবাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে আশপাশের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়।
এ সময় উত্তেজিত গ্রামবাসী স্বপনকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর