বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল কুদ্দুস (২৪) নামের এক মক্তবের শিক্ষককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে কুদ্দুসকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর নির্যাতিতা শিশুর জবানবন্দি রেকর্ড শেষে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহপুর এলাকার কাজী সামছুল আলমের ছেলে আব্দুল কুদ্দুস ।
অভিযোগ সূত্রে জানা গেছে, নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওই শিশুকে সকালে মক্তবে আরবি পড়াতেন আব্দুল কুদ্দুস। বুধবার বিকাল ৩টার দিকে শিক্ষকের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় ওই শিশুকে ডেকে পানি আনতে বলেন আব্দুল কুদ্দুস। শিশুটি পানি নিয়ে তার কক্ষে গেলে আব্দুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং আব্দুল কুদ্দুসকে আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মোক্তবের শিক্ষক আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.কে