সম্পত্তি লিখে না দেয়ায় মায়ের ওপর নির্যাতন

বৃদ্ধ মা মরিয়ম বেগম। বয়স ৬৫। দুই ছেলেে এবং এক মেয়ে নিয়ে ছোট সংসার। কয়েক বছর আগে হারান স্বামী আজাদ প্রাংকে। স্বামীকে হারোনোর পর অনেক কষ্টে মানুষ করেন ছেলেমেয়েদের। মেয়ে বিয়ে দেয়ার কিছুদিন পর বিয়ে দেন ছেলে সোনা মিয়ার। এরপর তার জীবনে নেমে আসে বিপদ।

বিয়ের পর থেকেই দুই ছেলে ওই বিধবা মায়ের সম্পত্তি লিখে নিতে চাপ দিতে থাকে। একপর্যায়ে এসে দুই ছেলে মায়ের ওপর অত্যাচার নির্যাতন, মারপিট করতে থাকে। আর এ বিষয় নিয়ে স্থানীয় মেম্বার কয়েকবার সালিশও ঢেকেছেন। সর্বশেষ জুন মাসে মারপিট করে বাড়ি থেকে বেড় করে দিলে সালিশ করে তার ঘরে তুলে দেন স্থানীয় মেম্বার কামরুল ইসলাম।

এরপর গতকাল (বুধবার) সন্ধ্যায় মারপিট করে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বেড় করে দেয় মাকে। এসময় তারা রান্নার চুলাও ভেঙে ফেলে। যার ফলে রাতে অন্যের বাড়িতে থাকেন মরিয়ম বেগম। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চরকাদহ কান্দপাড়া গ্রামে।

আর এ ঘটনায় তার দুই ছেলে সোনা মিয়া ও স্বপন আলী এবং তার দেবর সৈয়দ আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ওই বিধবা। আজ(বৃহস্পতিবার) সকালে থানার সামনে কেঁদে কেঁদে মরিয়ম বেগম বলেন, পেটে করে বহন করেছি। নাম রেখেছি সোনা ও স্বপন। হায়রে উদরের ধন। সম্পত্তির জন্য আমাকে মারপিট করে ঘর থেকে বেড় করে দিলি।

এ বিষয়ে স্থানীয় মেম্বার কামরুল ইসলাম বলেন, ইতোপূর্বে অনেকবার সালিশ করে বিষয়টি সমাধান করে দেয়া হয়েছে। প্রায়সময় তারা মরিয়ম বেগমকে মারধর করে। গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর