আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

ঢাকার সাভারে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রিয়াজুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ নতুন ডেন্ডাবর হাজী সোনা মিয়া রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

আটক রিয়াজুল ইসলাম (৩৬) বাগেরহাট জেলার চিতলমারী থানার বাগপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নতুন ডেন্ডাবর হাজী সোনা মিয়া রোড এলাকায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রিয়াজুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, গ্রেফতার রিয়াজুল ইসলাম নামে ওই যুবক অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না। এমনকি কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর