৮০ হাজার ইয়াবা ও নগদ ২৭ লাখ টাকাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৭ লাখ ৭ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা।

বুধবার দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে সড়কে এ অভিযান চালিয়ে এসব মাদকের চালানসহ পকচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২ এর মৃত কলিম উদ্দিনের ছেলে নাজমুল হুদা (৩০) এবং কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা খন্দকার পাড়া এলাকার ছলিম উল্লাহ মেম্বারের ছেলে মো. শরিফ (৪২)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে আসামিদের সাথে থাকা ট্রলি ব্যাগ ও কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর