গাজীপুরে বোমার ভয় দেখিয়ে প্রাইম ব্যাংক লিমিটেডে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার আবু বকরের (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. হামিদুল ইসলাম শুনানী শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গাজীপুর মেট্রো পলিটন পুলিশের বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) নন্দ লাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে
জানান, আটক আবু বকরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রাইম ব্যাংকের ওই শাখার ম্যানেজার এম ফরিদ আহমদ বাদি হয়ে বোমার ভয় দেখিয়ে টাকা লুটের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে আবু বকর ও তার অজ্ঞাত সহযোগীদের ।
প্রসঙ্গত, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আবু বকর একটি ব্যাগ নিয়ে প্রাইম ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমেদের রুমে ঢোকে জানান তার ব্যাগে বোমা রয়েছে। ব্যাংকের সব টাকা তাকে না দিলে বোমার বিষ্ফোরণ ঘটাবে বলে হুমকিও দেন।
এসময় ম্যানেজার কৌশলে রুম থেকে বের হয়ে ব্যাংকের গেট আটকিয়ে দেন এবং স্থানীয় থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবনটি ঘিরে ফেলে এবং ওই যুবককে আটক করে কাছ থেকে ব্যাগটি উদ্ধার করেন।
বার্তাবাজার/কে.কে