কুমিল্লায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এই স্লোগানে প্রচারাভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইনের সামনে শেষ হয়।
পরে পুলিশ লাইনের প্রধান ফটকে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ‘মাস্ক নাই, সেবা নাই। কোথাও মাস্ক ছাড়া গেলে কোন সেবা দেয়া হবে না। দোকানে পর্যন্ত কেনাকাটা করা যাবে না।’ করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি।
এর আগে র্যালি চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন তাদের মাস্ক দেওয়া হয়। এসময় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা করোনা নিয়ন্ত্রণে জেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারিও দেন ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী এবং জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
বার্তাবাজার/কে.কে