রাজধানীর মিরপুরে বাসায় ডেকে নিয়ে প্রেমিককে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের ওপর। গত ৩১ আগস্ট মিরপুরের বি ব্লকের ২ নম্বর এভিনিউয়ের ১০ নম্বর বাড়ির ৩য় তলায় প্রেমিকার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত সাব্বিরের পরিবারের দাবি, প্রেমিকাকে আরেক জায়গায় বিয়ে দিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাব্বিরকে। এ ঘটনার পর থেকেই প্রেমিকা মীর সোনিয়াসহ পলাতক পরিবারের সবাই।
ছেলের মৃত্যুর পর পার হয়ে গেছে বেশ কদিন। কিন্তু এখনো থামেনি মায়ের আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শোকে পাথর পুরো পরিবার।
পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে, শিগগিরই প্রকৃত রহস্য উন্মোচন করা যাবে।
জানা গেছে, প্রায় ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক সাব্বির-সোনিয়ার। ২ পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়েছিলো। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। এই সুযোগে কাবিনের টাকা বেশি পাওয়ায় সোনিয়ার অন্য জায়গায় বিয়ে ঠিক করেন তার মা। ৩১ আগস্ট সাব্বিরকে ডেকে নেয় সোনিয়ার পরিবার। এরপর রাত ৮টায় দগ্ধ অবস্থায় সাব্বিরের ঠাঁই হয় ঢাকা মেডিকেলে। ৪ দিন পর ৫ সেপ্টেম্বর মারা যান সাব্বির।
প্রতিবেশীরা জানান, সোনিয়ার বাসার সিড়িতে সাব্বিরকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখে আগুন নিভানোর চেষ্টা করেন তারা।
শাহ আলী থানা ওসি আবুল বাশার বলেন, আমরা ডিজিটাল-এনালগ ২ তদন্তই করছি, কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শাহ্ আলী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে নিহতের পরিবার।
বার্তাবাজার/কে.জে.পি