কিছুদিন আগেই দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে পদত্যাগ করে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার। এবার পদত্যাগ করছেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের (জিএনএ) প্রধানমন্ত্রী ফায়েজ আল-সারাজ।
গতকাল বুধবার এক টিভি ভাষণে ফায়েজ আল-সারাজ জানান, অক্টোবরের শেষের দিকে পদত্যাগ করতে চান তিনি। তিনি বলেন, ‘আমি জানাতে চাই, খুব দেরি হলে আগামী মাসের শেষের দিকে আমি নতুন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে দেব।’-খবর ডয়চে ভেলের।
ন্যাটো সমর্থিত বাহিনী ২০১১ সালে দীর্ঘসময়ের স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে নানা সমস্যায় জর্জরিত তেলসমৃদ্ধ লিবিয়া।
টানা লোডশেডিং, পেট্রোল-ডিজেলের মাত্রাছাড়া দাম এবং মানুষের কাছে অর্থের অভাবের কারণে বৃহস্পতিবার দেশটিতে বিক্ষোভ শুরু হয়। যার দরুণ পূর্বাঞ্চলে হাফতার বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত সরকার পদত্যাগ করে।
জেনারেল খলিফ হাফতারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মার্জেও প্রথমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি