১৭ ঘণ্টা পর ডিএনডি খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টার চেষ্টায় মানসিক প্রতিবন্ধী শিশু আকাশীর (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাত’টার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান। এর আগে গতকাল বুধবার বেলা ২টার দিকে ডেমরার বামৈল এলাকায় ৪ বান্ধবী মিলে গোসল করতে নেমে শিশু আকাশি নিখোঁজ হয়।

মৃত আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকত।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বুধবার বেলা ২টার দিকে বামৈল এলাকায় খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু আকাশি। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচ টার দিকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর