ময়মনসিহের গৌরীপুরে উদ্ভোধনের আগেই ফাটল ধরে নবনির্মিত একটি সেতুর স্পেনে। এত ঝুঁকিপুর্ণ হয়ে যাওয়ায় সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসলো না কারো।
জানা যায়, উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বায়রাউড়া ও কোনাপাড়া গ্রামের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য দুই গ্রামের মাঝ দিয়ে প্রবাহমান নয়াখালের উপর ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্রিজ নির্মাণের প্রকল্পটি গ্রহণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে নির্মাণ কাজ তদারকি করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ এন্টারপ্রাইজ গত জুন মাসে সেতুর নির্মাণ শুরুর পর আগস্ট মাসে কাজ সম্পন্ন করে।
অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মর্জিমতো সেতুর পাইলিং ৮০ ফুটের পরিবর্তে ৩৫-৪০ ফুট গভীরে পাইলিং করে ব্যাজ নির্মাণকরা, ঢালাইয়ের কাজে কাদা মেশানো বালু, নিম্নমানের পাথর ও মরা পাথর এবং সিঙ্গেল পাথর ব্যবহার করা হয়েছে। পরিমাণমত সিমেন্ট না দিয়ে সেতুটি নির্মাণ করায় ব্যবহারের আগেই ভেঙ্গে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা বলেন, পানির স্রোতে সেতু ফাটল ধরায় সেতুটি বাতিল করা হয়েছে। এখানে ৫৫ থাকে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি গাডার ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভর্তুকি দিয়ে ভেঙ্গে যাওয়া সেতুটি স্থান পরিবর্তন করে নতুন করে নির্মাণ করে দিবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, সেতু বাতিলের বিষয়টি শুনেছি। সেতু নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে