জনি হত্যার ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছেন এসআই জাহিদ

রাজধানীর পল্লবী থানা হেফাজতে ব্যবসায়ী ইশতিয়াক হোসেন জনি হত্যাকান্ডের ঘটনায় দন্ডপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক জাহিদুর রহমান জাহিদ আদালতের আদেশে ক্ষতিপূরণের ২ লাখ টাকা জমা দিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসআই জাহিদের পক্ষে তাঁর পরিবার এই টাকা জমা দেয়।

বিষয়টি নিশ্চিত করে এসআই জাহিদের আইনজীবী ফারুক আহমেদ জানান, ‘আদালত রায়ের সময় নির্দেশ দিয়েছিলেন, ভিকটিম জনির পরিবারকে দুই লাখ টাকা দেওয়ার। সেই নির্দেশ মোতাবেক আমরা দুই লাখ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছি। সেই টাকা জমার রশিদ আদালতে দাখিল করেছি। সেই টাকা এখন ভিকটিমের পরিবার আদালতের অনুমতি সাপেক্ষে তুলে নিতে পারবে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল ও কামরুজ্জামান মিন্টুকে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া পুলিশের দুই সোর্স সুমন ও রাশেদকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এটিই ছিল দেশে পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় মামলার প্রথম রায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর