খুলনায় করোনাভাইরাস মহামারীর সময় শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে হতদরিদ্র ১২৫০ শিক্ষার্থীকে বিনা মূল্যে মোবাইল ফোন দেওয়া হয়েছে।
খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যক্তিগত তহবিল ও দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ফোন দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সচিবালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অনলাইনে যুক্ত হয়ে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোবাইল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
গত মার্চে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ ঘোষণা করে। তারপর শিক্ষা কার্যক্রম অনলাইনে চালু করা হয়। কিন্তু ইন্টারনেট সুবিধা নেওয়ার সুযোগ পচ্ছে না অনেক শিক্ষার্থী।
ডিসি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে পর্যায়ক্রমে টিভি, ইউটিউব ও ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস এবং সর্বশেষে রেডিওর মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়। বেশি মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার গতি সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অধিকাংশ দরিদ্র পরিবারে মোবাইল ফোন না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিশু অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। এই উদ্যোগ তাদের কথা ভেবে নেওয়া হয়েছে।
ডিসি আরও বলেন, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যক্তিগত তহবিল এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান জি-গ্যাস ও এব ইলেকট্রনিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এনার্জিপ্যাক এতে আর্থিক সহযোগিতা করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনার বিভাগীয় কমিশনার মু. আনোয়ার হোসেন হাওলাদার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ।
বার্তাবাজার/কে.কে