আবারো তিন দিনের জন্য বন্ধ টাইগারদের ব্যক্তিগত অনুশীলন। আগামীকাল ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর মিরপুরে দেখা যাবে না তামিম-মুশফিকদের। আর আগে যা কথা ছিল, সে অনুযায়ী আগামী পরশু তথা ১৮ সেপ্টেম্বর শুক্রবার ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ সবার যথারীরিত করোনা টেস্ট হবে।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি লঙ্কা যাচ্ছে টাইগাররা? লঙ্কান স্বাস্থ্য মন্ত্রনালয় আর বোর্ডের কি মন গলেছে? মানে ভেতরে ভেতরে কি দুই বোর্ডের কথা চালাচালি হচ্ছে? টাইগারদের রাবনের দেশে সফরে যাওয়ার সম্ভাবনা কি তাহলে বেড়েছে?
তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের সোজা উত্তর, ‘না না, সিরিজের কোন অগ্রগতি নেই। লঙ্কান বোর্ড থেকে আমরা এখনো কিছু জানতে পারিনি। তাহলে যে পূর্ব নির্ধারিত সময়ে দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হচ্ছে? এমন প্রশ্নে আকরাম বলেন, ‘আমরা আমাদের কাজগুলো করে রাখছি। আগে থেকে করোনা টেস্ট করার যে রুটিন তৈরি করে রাখা হয়েছিল, সেটা মেনেই ১৮ সেপ্টেম্বর ক্রিকেটার, কোচ ও সব সাপোর্টিং স্টাফের কোভিড-১৯ টেস্ট করানো হবে।’
কেএস/বার্তাবাজার