জাপানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। দেশটির নতুন নিযুক্ত প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে জানানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় নতুন জাপানি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বার্তায় বলেছেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি জাপানের প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্য ইয়োশিহিদে সুগাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। ’

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপান একটি বিশ্বস্ত বন্ধুত্ব এবং জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে। তিনি বলেন, ‘বিশেষ করে গত দশকে আমাদের উভয় সরকার দু’দেশের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগকে শক্তিশালীকরণ ও উন্নয়নে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় অত্যন্ত ঘনিষ্ট হয়েছে।’

শেখ হাসিনা আরও বলেন, করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়াই এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার যে প্রতিশ্রুতি আপনি ব্যক্ত করেছেন তা মূল্যায়নের মহতী মুহূর্তে বাংলাদেশের মানুষ জাপানের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে যোগ দিচ্ছে। ’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর