ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন মুদি দোকানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাজারের মুদি ব্যবসায়ী সুজিত পাল, পলাশ কুমার কুন্ডু ও ইবাদত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রনয়ণে অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী মুদি ব্যবসায়ী সুজিত পালকে ৩,০০০ টাকা, পলাশ কুমার কুন্ডুকে ৩,০০০ টাকা ও ইবাদত হোসেনকে ২,০০০ টাকাসহ মোট ৮,০০০( আট হাজার) টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, ‘শুধু আলফাডাঙ্গা সদর বাজারেই নয়, এ উপজেলার সকল বাজারে প্রতিটি দোকানে এ অভিযান অব্যাহত থাকবে।’
কেএস/বার্তাবাজার