বোমা নিয়ে প্রাইম ব্যাংকে যুবকের হানা

গাজীপুরের জয়দেবপুরে চৌরাস্তায় আবু বকর (৩০) নামে এক যুবক প্রাইম ব্যাংকে ঢুকে ব্যবস্থাপককে বোমা ফাটানোর হুমকি দিলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংকের নিরাপত্তা কর্মী মো. শামীম জানান, আজ বুধবার দুপুর ১২টা ২৩ মিনিটে কাঁধে একটি ব্যাগ নিয়ে এক যুবক জয়দেবপুর চৌরাস্তা শাখার প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক ফরিদ আহমেদের কক্ষে ঢোকেন। সেই যুবক তার ব্যাগে থাকা বোমা ফাটানোর ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন ব্যবস্থাপকের কাছে। “বোমার ফাটানোর হুমকির কথা শুনে ব্যাংকের ভেতর আতঙ্কে হুলস্থুল পড়ে যায়।” যুবককে কৌশলে ব্যাংকের ভেতরে রেখে পুলিশকে খবর দেওয়া হয় জানান তিনি।

গ্রেপ্তার আবু বকরের (৩০) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া জানান, পুলিশ ওই যুবককে আটক করে কৌশলে তার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয়। অন্যদিকে ঢাকায় বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এরপর তাকে বাসন থানায় স্থানান্তর করা হয়।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা সিটি কাউন্টার টেরিরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ব্যাংকে পৌঁছায়। যুবকের ব্যাগে থাকা বোমাটি পরীক্ষা-নিরীক্ষা শেষে শাপলা ম্যানশনের সামনে বিস্ফোরণ ঘটান তারা।

সরেজমিনে দেখা গেছে, বোমা বিস্ফোরণ স্থলের পাশে মহাসড়কে লোকজনের ব্যাপক ভিড় জমে যায়। সে সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচাল সাময়িক বন্ধ করা হয়। বোমাটি ফাটার শব্দে আতঙ্কে শাপলা ম্যানশনসহ আশেপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

তদন্তের পর প্রকৃত ঘটনা যানা যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে ওই ব্যাংকের ম্যানেজার সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর