ইউএনও ওয়াহিদাসহ মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীসহ বিভিন্ন স্থানে সম্প্রতি মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।

বুধবার দুপুরে আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আটোয়ারী উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।

এ সময় তারা দিনাজপুর ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর নৃশংস হামলা, কক্সবাজারে মুক্তিযোদ্ধার সন্তান সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খানকে নৃশংসভাবে গুলি করে হত্যা, চট্টগ্রামের বাঁশখালীর মুক্তিযোদ্ধা আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা প্রদান না করা ও আটোয়ারী উপজেলার মুক্তিযোদ্ধা শামসুল হুদার ছেলে আমিনুল ইসলামকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে আটোয়ারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, লুৎফর রহমান, ফজলুল করিম, জাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মাজেদুর রহমান এবং যুগ্ম আহবায়ক শাহীদুল জব্বার বক্তব্য দেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর