রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে ২ লাখ মেট্রিক টন গম

দেশের খাদ্য ঘাটতি পূরণ করতে রাশিয়া থেকে ২ লাখ মেট্রিক টন গম আমদানি করতে যাচ্ছে সরকার। এই গম আমদানির জন্য ব্যয় ধরা হয়েছে ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।

আজ (বুধবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, ‘সভায় রাশিয়ান ফেডারেশন হতে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে ২ লাখ মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে ৬০:৪০ অনুপাতে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ২৫৮ মার্কিন ডলার হিসেবে ক্রয় করা হচ্ছে। ২ লাখ মেট্রিক টন গমের জন্য ব্যয় হবে ৫ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।’

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে গম কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যিক দরপত্র-কোটেশনের পাশাপাশি জি-টু-জি পদ্ধতি অনুসরণ করা হবে। জি-টু-জি পদ্ধতিতে গম আমদানির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে চুক্তিও রয়েছে। এই চুক্তির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে দেশটির সরকারি সংস্থা ‘ফরেন ইকোনমিক কো-অপারেশন প্রদিনতোর্গ’ থেকে দুই লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর