১২শ’ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ দুই কিলোমিটার ব্যাপী অবৈধ লাইনে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স জানান, সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। যারা অবৈধ গ্যাস সংযোগ গ্রহন এবং যারা এগুলো প্রদান করছেন, বাংলাদেশ গ্যাস আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক ১২০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যাবস্থাপক

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-প্রকৌশলী নয়ন প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর