জামালপুরের সরিষাবাড়ীতে ১৩ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুুলিশ। এ ঘটনায় বাদীকে মামলা তুলে নিতে বার বার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের হতদরিদ্র করাতকল শ্রমিকের একমাত্র মেয়ে (১৩) জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। তার বাবাও দৃষ্টি প্রতিবন্ধী (এক চোখ অন্ধ)। রাতে চোখে দেখেন না। ঘটনার দিন (৩০ আগস্ট) কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। এসময় তার স্ত্রী ও ছোট ছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে যায়। এই সুযোগে ঔইদিন রাত ১০টার দিকে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তার বাবা-মাকে মেরে ফেলবে বলে শিশুটিকে ভয় দেখায়।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ধর্ষিতার বাবা বাদি হয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষক প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। উল্টো ধর্ষকের পরিবার তাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দিচ্ছে। বাধ্য হয়ে তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, ধর্ষককে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তার পরিবারের সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বাদিকে হুমকির বিষয়টি আমার জানা নেই।
বার্তা বাজার / ডি.এস