গাজীপুরের টঙ্গীতে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিলন (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াসিং কারখানায় চাকরি করতেন।
এঘটনায় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, নিহত মিলন প্রিন্স ও টিটুসহ কয়েকজন মঙ্গলবার রাত ১০টার দিকে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এসময় ৩০-৪০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক পরে এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কী নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে সেটি এখনও জানা যায়নি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডি.এস