সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বরিশালে শিক্ষককে কান ধরে উঠবসের ঘটনায় নামধারী দুইজন এবং অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম।
উল্লেখ্য, গত মাসের ২৬ তারিখ নগরীর জমজম ইনস্টিটিউটের সাবেক শিক্ষক মিজানুর রহমান সজলের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে একই বিদ্যাপীঠের ছাত্র ইমতিয়াজ ইমন ও তার সহযোগীরা।
এদিন ইমন ও তার সহযোগীরা নগরীর অক্সফোর্ড মিশন রোডে শিক্ষক মিজানুর রহমান সজলকে মারধর করে। এছাড়া ওই শিক্ষককে কান ধরে উঠবস করায়, পরিবর্তিতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এবার ভাইরাল হওয়া সেই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হয়ে ছাত্র ইমন ও স্ত্রী মনিরাকে নামধারী এবং আরো অজ্ঞাত ৭-৮ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
কেএস/বার্তাবাজার