ছেলে ধরা সন্দেহে রেনু হত্যা: জামিন পেয়ে গেল ৫ আসামি

গতবছর ছেলেধরা সন্দেহে গুজবের বলি হন রাজধানীর উত্তর বাড্ডা এলাকার তাসলিমা বেগম রেনু। পিটুনীতে প্রাণ হারান তিনি। সেই ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ৫ আসামী।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বে গঠিত বেঞ্চ সোমবার (১৪ সেপ্টেম্বর) আসামি রাজুকে জামিন দিলেও তা জানাজানি হয় পরদিন (মঙ্গলবার)।

এছাড়া বিভিন্ন সময় জামিন প্রাপ্তরা হলেন- মোহাম্মদ রাজু, রিয়া বেগম ময়না, বাচ্চু মিয়া, মোহাম্মদ শাহীন ও মুরাদ মিয়া। তবে এই পাঁচজনের জামিন ঠেকাতে ইতোমধ্যেই রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন আদালত।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো.বশির উল্লাহ বলেন, গতকাল মোহাম্মদ রাজু নামে এক আসামি জামিন পেয়েছেন। তবে এ জামিন বাতিল চেয়ে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে আপিল দায়ের করেছি।

রেনুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৫ জনকে আসামি করে গত ১০ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় গোয়েন্দা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম রেনু। তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চাঞ্চল্যকর এ ঘটনায় তাসলিমার বোনের ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আসামি করে মামলা করেছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর