পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মেয়াদ উত্তীর্ন মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মহিপুরের সাধারন ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় সরকার কর্তৃক মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন।
এতে মহিপুরের গ্রামীন জনপদে উৎসব মূখর পরিবেশ বিরাজ করেছে। এছাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকের মনোনয়ন পেতে আওয়ামীলীগের প্রার্থীরা হেভিওয়েট নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন।
অপরদিকে বসে নেই বিএনপি’র দুই গুরুপ এর সম্ভাব্য প্রার্থীরা। তাদের পছন্দের নেতা সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এবং উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন এর সাথে দলীয় মনোনয়ন পেতে ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন।
কেএস/বার্তাবাজার