ফুটবল খেলতে নয়, যেন মারামারি করতে নেমেছিল দুই দল। রোববার রাতে লিগ ওয়ানে মার্শেই-প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ম্যাচটি ছিলো ফাউলময়। যেখানে ফাউল আর কার্ডের ঝড় দেখতে দেখতেই ৯০ মিনিট পার হয়ে গেছে। পুরো ম্যাচে পাঁচটি লাল কার্ড দেখান রেফারি। যে তালিকায় ছিলো পিএসজির তারকা ফুটবলার নেইমারও। যার ফলে এক ম্যাচ যে মাঠের বাহিরে থাকতে হচ্ছে, সেটা নিশ্চিত।
তবে নেইমারের শাস্তিটা আরো বড় ধরনের হতে পারে। কেননা ম্যাচে যে বেশ কয়েকটি অনাকাঙ্খিত মুহূর্তে জড়িয়ে গেছেন এই ব্রাজিলিয়ান। যার ফলে নেইমার নিষেধাজ্ঞা পেতে পারেন কমপক্ষে ৭ ম্যাচ।
রোববারের উত্তেজনাপূর্ণ ম্যাচে যখন মার্শেইর পক্ষে ১-০ ব্যবধানে শেষ হতে চলেছিল, তখনই অতিরিক্ত সময়ে ঘটে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা। এক ফাউলকে কেন্দ্র করে মারামারির পর্যায়ে চলে যান দুই দলের ফুটবলাররা।
শুধু যে নেইমার শাস্তির মুখে পড়বেন তেমনটা নয়। ‘আরএমসি স্পোর্ট’ তাদের এক প্রতিবেদনে বলেছে, বর্ণবাদের অভিযোগ প্রমাণিত হলে এলএফপি ডিসিপ্লিনারি কমিটির আইন অনুযায়ী বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন মার্শেইয়ের গঞ্জালেসও। যেখানে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এই ডিফেন্ডার।
কেএস/বার্তাবাজার