চট্টগ্রামে দীর্ঘ ২২ ঘণ্টার পৃথক অভিযানে আনোয়ারা উপজেলার গহিরা ও নগরের বাকলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দুইটি অভিযানে মোট ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক তিনজন হলো- আনোয়ারার রায়পুর চুন্নাপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. কামরুজ্জামান (৩০), রামু উপজেলার খুনিয়াপালং রশিদ আহমদের ছেলে মো. জমির উদ্দীন (৩৬) ও একই উপজেলার ডেগারদীঘি বদ্দারপাড় এলাকার নুরুল হকের ছেলে মো. রমজান আলী (২৫)।
এদের মধ্যে কামরুজ্জামানকে আনোয়ারা গহিরা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করে র্যাব সদস্যরা। পরে তার দেওয়া তথ্যে আরেক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি থেকে ১ লাখ ২৫ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো. রমজান আলী ও মো. জমির উদ্দীনকে বাকলিয়া থানাধীন আহাদ কনভেনশন সেন্টারের সামনে থেকে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করে র্যাব সদস্যরা।
এসব অভিযান র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের নেতৃত্বে পরিচালিত হয়।
লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল বলেন, আনোয়ারার গহিরা ও বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ১৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/কে.কে