বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।এ সময় কারাগারে থাকা ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি শেষ করেন। আদালত অভিযোগ গঠনের আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন।
এরপর ১৩ আসামিরপক্ষের অভিযোগ গঠন শুনানি করেন তাদের আইনজীবীরা। এদিন অপর আসামিদের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ না হওয়ায় ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতে ডেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টায় শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়।
বার্তাবাজার/অমি