ভারতে গেল ১২ টন ইলিশের প্রথম চালান

ভারতে সীমিত আকারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল সোমবার বিকালে ইলিশের প্রথম চালান রপ্তানি হয়েছে। প্রথমদিনে ২টি ট্রাকে গেছে ১২ টন ইলিশ। গত রোববার ৯ জন ইলিশ রফতানিকারককে ১ হাজার ৪৭৫ টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান ১২ টন ইলিশ ভারতে রফতানি করেছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি দর নির্ধারণ করা হয়েছে ১০ ডলার হিসেবে ৮০০ টাকা। এই দরে রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ হবে এক কেজি থেকে ১২শ’ গ্রাম ওজনের।

মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার নয় জন রপ্তানিকারককে মোট এক হাজার ৪৭৫ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। প্রতি কেজি ১০ ডলার দরে মোট এক লাখ ২০ হাজার ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে।

গতকাল সোমবার দুপুরে ইলিশের চালান বেনাপোল বন্দরে এসে পৌঁছালে কাস্টমস ও মৎস্য বিভাগ আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে রপ্তানির অনুমতি প্রদান করে। পর্যায়ক্রমে মাসজুড়ে বাকি ইলিশ ভারতে যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর