যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫

একদিকে করোনা আতঙ্ক অন্যদিকে দাবানল। নতুন বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। দাবানলে পুড়ছে দেশটির পশ্চিম উপকূলের অঙ্গরাজ্যগুলো।

আলজাজিরা’র খবরে বলা হয়েছে, দাবানলে পুড়ে ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন এলাকায় মোট মারা গেছেন ৩৫ জন। মৃতদের অধিকাংশই ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দা।

আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া এ দাবানল ছাড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও। হাজার হাজার ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে ধ্বংস হয়ে গেছে ছয়টির মতো ছোট শহর। জ্বলছে ৪০ লাখ একর বনভূমি। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন লাখ লাখ মানুষ।

ওরেগনের জরুরি সেবা দপ্তর জানায়, দাবানল ছড়িয়ে পড়া অঙ্গরাজ্যটিতে ২২ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

বাতাসের তোড়ে একের পর এক আবাসিক এলাকাকে আক্রান্ত করছে দাবানল। ড্রোন ফুটেজে দেখা গেছে, দক্ষিণ মেডফোর্ডের ৫ মাইল দূরে ফোনিক্স-ট্যালেন্ট কমিউনিটির শত শত ঘরবাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে দাবানলে আক্রান্ত এলাকার পরিস্থিতি দেখতে সোমবার পশ্চিম উপকূলীয় এলাকা পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়াতে নেমে তিনি আসন্ন নির্বাচনের প্রচারণা সারেন, যাতে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় দাবানলের প্রসঙ্গ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর