বোমা মেরে উড়িয়ে দিয়ে সঙ্গীদের মুক্ত করার হুমকি দিয়ে লালমনিরহাট জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নাম্বার থেকে বার্তা পাঠানো হয়েছে। এই ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে। জোরদার করা হয়েছে কারাগারের সামনের রাস্তা ও জেলখানার নিরাপত্তা ব্যবস্থা।
সূত্র জানায়, জেলা কারাগারে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ২০ জন জঙ্গি রয়েছে। তারা এতোদিন সাধারণ কয়েদির মতোই কারাগারে ছিল। বিষয়টি প্রথমে তেমন আমলে নেননি জেল কর্তৃপক্ষ। গত ৯ই সেপ্টেম্বর জেল কর্তৃপক্ষর কাছে মানিকগঞ্জের সিংগাইর হতে এমরান নামে জনৈক ব্যক্তির চিঠি আসে। সেখানে জঙ্গিদের মুক্ত করার দাবি জানায়। তাদের মুক্ত করে দিতে বলে। তা না হলে জেলখানা উড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এরপর জেলখানার প্রাচীরের বাইরে ও ভিতরে চারধারে দিন রাত ২৪ ঘণ্টা পাহারা বসানো হয়েছে। জেলখানার সামনের রাস্তায় যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে। মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জেল সুপার কিশোর কুমার নাগ জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানোনো হয়েছে। তাদের পরামর্শে থানায় জিডি করা হয়েছে। পুলিশ মোবাইল নম্বর টি তথ্য প্রযুক্তির মাধ্যমে কল ট্র্যাকিংয়ে দিয়েছে। তবে চিঠিটি ডাকযোগের মাধ্যমে কখন কোথা হতে পোস্ট করা হয়েছে তা অস্পষ্ট। তবুও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখছে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ্ আলম জানান, নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগার এলাকায়।
বার্তাবাজার/এসজে