পূর্ব সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরার সময় সাপের কামড়ে মোঃ আবু হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত আবু হাওলাদার উপজেলার সোনাতলা গ্রামের হরমুজ হাওলাদারের পুত্র।
সঙ্গীয় জেলে নাছির জানান, তারা তিন জেলে রোববার সকালে বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরতে যান। রাতে জাল থেকে মাছ ছাড়নোর সময় জালে প্যাচানো একটি সাপ আবুকে কামড়ে দেয়। গহীন বন থেকে সাথে সাথে তাকে নিয়ে শরণখোলা উপজেলা সদরের রওয়ানা হন। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বৈধভাবে মাছ ধরতে গিয়ে বণ্য প্রানীর আক্রমনে আহত বা নিহত হলে তার পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা দেয়ার নিয়ম রয়েছে।
বার্তা বাজার/ডি.এস