ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইজিবাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চালকরা। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চকমতি বাজারে ৬ শতাধিক চালক সমবেত হয়ে এই প্রতিবাদ জানায়। এসময় সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে নান্দাইল থানা ও চৌরাস্তা হাইওয়ে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
চালকরা জানায়, নান্দাইল চৌরাস্তা থেকে প্রতিদিন এক হাজারের অধিক ইজিবাইক যাত্রী নিয়ে কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডে যাওয়া-আসা করে। এই সুযোগে একটি প্রভাবশালী মহল কিশোরগঞ্জ মুকসেদপুর এলাকায় ইজিবাইকের স্ট্যান্ড তৈরী করেছে। সেখানে প্রতি ইজিবাইক থেকে মাসিক ৫‘শ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে শারীরিক নির্যাতন করে ইজিবাইকের সিট এবং ইজিবাইকের চাবি রেখে দেওয়া হয়। আর প্রতিবাদ করলে মামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।
ইজিবাইক চালকরা জানায়, মুকসেদপুর স্ট্যান্ডে মাসে টাকা না দিলে তাদের গাড়ী নিয়ে কিশোরগঞ্জ যেতে দেয়না। গাড়ীর সিট ও চাবি কেড়ে নেয়। কখনো লাঞ্ছিত করে টাকা দিতে বাধ্য করে। শুধু মুকসেদপুর নয়, চৌরাস্তা এবং নান্দাইল পৌরসভায় তাদের প্রতিদিন চাঁদা দিতে হয়।
চাঁদা নেওয়ার অভিযোগ স্বীকার করে মুকসেদপুর ইজিবাইক স্ট্যান্ড কমিটির সুপারভাইজার লুকমান হোসেন বলেন, আমরা একটা স্ট্যান্ড করেছি। এখানে জায়গা ভাড়া, লেবার খরচ, সিরিয়াল ম্যান, সুপারভাইজারসহ কিছু লোক পরিশ্রম করে। তাদের বেতন বাবদ প্রতি গাড়ী থেকে আমরা ৪৮০ টাকা নেই।
বার্তা বাজার/ডি.এস