বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সাদেক বাচ্চুর (৬৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সাদেক বাচ্চু। তার মৃত্যুতে বরতমানে বেলজিয়ামে সফররত তথ্যমন্ত্রী এক শোকবার্তা প্রেরণ করেছেন।
প্রেরিত শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গন সাদেক বাচ্চুর শক্তিমান অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি প্রয়াত সাদেক বাচ্চুর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার বেলা ১২টা ৫মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সাদেক বাচ্চু শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বার্তাবাজার/এসজে