ব্রাহ্মণবাড়িয়ায় ‘পা কেটে মিছিল’ করার প্রধান আসামি সেই চেয়ারম্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুল আলোচিত ও সমালোচিত ঘটনা হছে মোবারক নামের এক যুবকের পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ মিছিল করা। তবে এবার সেই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী উপজেলার বিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দীর্ঘ ৫ মাস পর তাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

জানা যায়, গত এপ্রিলের ১২ তারিখ নবীনগরের কৃষ্ণনগরের থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। তখন মোবারক মিয়া নামের এক রিকশাচালককে ঘর থেকে ধরে এনে দেহ থেকে পা বিছিন্ন করে সেই পা নিয়ে উল্লাস করে হামলাকারীরা।

এই ঘটনায় মারা যান পা হারানো মোবারক। মামলা দায়ের করা হয় শতাধিক লোককে আসামী করে। প্রধান আসামী করা হয় বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কবির আহমেদকে।

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন,’র‌্যাব- ৯ এর হাতে গ্রেফতার হওয়া মোবারক হত্যা মামলার প্রধান আসামি কবির চেয়ারম্যানকে রবিবার দিবাগত রাতেই নবীনগর থানায় নিয়ে আসা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর