বিয়ের প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে ২০ বছরের এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে রাঙ্গাবালী থানায় প্রতারকসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রতারণার শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন, ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের রনি হাওলাদার (২৫), আলমগীর হাওলাদার (৪৫), একই ইউনিয়নের ভূইয়ার হাওলা গ্রামের মাহবুব হাওলাদার (৩৫) ও সফিক হাওলাদার (৫০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুই বছর আগে বাদীর মেয়েকে বিয়ে করে স্থানীয় এক যুবক। এর মাসখানেকের মধ্যে আসামি রনির সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্কের খবর জানাজানি হলে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের বাড়িতে আসা যাওয়া করতো রনি। চলতি বছরের ১৮ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে অন্যান্য আসামিদের সহায়তায় রনি বাদীর মেয়েকে নিয়ে কুয়াকাটা যায়। একটি আবাসিক হোটেলে একদিন এক রাত্রি যাপন করে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে রনি।
স্থানীয়রা জানান, ওই তরুণীকে নিয়ে কুয়াকাটা থেকে ঘুরে আসার পর বিয়ে করতে অনিচ্ছা প্রকাশ করে রনি। পরে নিরুপায় হয়ে রনির বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে প্রায় দুই সপ্তাহ অবস্থান করে তরুণী। এনিয়ে সালিশ বৈঠকও হয়। কিন্তু কোন সুরাহা না হওয়ায় রোববার মামলা করা হয়।
এদিকে আসামিপক্ষের দাবি, বাদীপক্ষ তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছে। টাকা না দেওয়ায় ঘটনার অনেকদিন পর মামলা করেছে তারা।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা বাজার/ডি.এস