চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম নাঙ্গলমোড়া ইউনিয়নে স্ত্রীর নির্যাতনে এম সেলিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেলিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হেদায়াত আলীর পাড়ার রাজা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সুপারি গাছের ডাল দিয়ে স্বামীকে পেটালেন স্ত্রী কুনছুমা সিদ্দিকা প্রিয়া (৩০)। স্থানীয়রা আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন পারভিন জানান, দুই বছর হলো দেশে ফিরেছে আমার ভাই। দেশে আসার পর থেকে স্ত্রীর অত্যাচারের সীমা ছিল না। লাকড়ি রাখার ঘরে আমার ভাইকে থাকতে দেয়া হতো। দেড় বছর ধরে তিনি ওখানেই থাকতেন। ঠিকমতো খেতে দিত না। দরজা তালা দিয়ে রাখায় অনেক সময় ভাই বাসায় প্রবেশ করতে পারতেন না। তখন খাবার না খেয়ে মসজিদের বারান্দায় রাত কাটাতেন। ‘প্রিয়া প্রায়ই ডিভোর্স চাইত।’
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, প্রিয়ার অবৈধ সম্পর্ক রয়েছে,স্বামীকে না বলে রিজার্ভ সিএনজি করে ঘুরতে চলে যেতেন তিনি। সেলিম এ বিষয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের বলেও কোনো সুরাহা পাননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্ত্রী প্রিয়া স্বীকার করেন। এ ঘটনায় নিহত সেলিমের বড় ভাই শাহাব উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তাবাজার কে.কে