আইপিএল শুরুর আগেই আমিরাতের ২ ক্রিকেটারকে নির্বাসিত করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি দমন নীতি ভঙ্গের অভিযোগে আমিরাতের ওই ২ ক্রিকেটারকে নির্বাসনে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন বিধির ৫ দফা নিয়ম ভেঙেছেন আমির হায়াত ও আশফাক আহমেদ নামে ২ ক্রিকেটার। আমিরাতের ২ ক্রিকেটারের বিরুদ্ধে বুকিদের থেকে অর্থের বিনিময়ে ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর সেটা গোপন করেছিলেন। এই অভিযোগ প্রমাণিত হয়েছে।
ঠিক একইরকম অভিযোগে ১ বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে ওই ২ ক্রিকেটার আরও এক অপকর্মে যুক্ত।
তাদের বিরুদ্ধে ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আর্থিক উপহার গ্রহণের অভিযোগ আছে। এমিরেটস ক্রিকেট বোর্ড আগেই আশফাককে নির্বাসিত করেছে।
এবার আইসিসি ২ ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দিল। ক্রিকেটকে ফিক্সিংয়ের কালো ছায়া থেকে দূরে রাখতে আইসিসির দুর্নীতি দমন শাখা ভীষণভাবে তৎপর। আইসিসির এই শাস্তির বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে ক্রিকেটাররা নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন।
বার্তাবাজার/কে.জে.পি