বাঙালি নারী আজ আর ঘরের কোণে বসে নেই। ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীর আজ সফল পদচারণা। এমন কোনো পেশা নেই যেখানে আজ নারীর অংশগ্রহণ নেই। বিমানচালনা থেকে ব্যবসা, চিকিৎসা থেকে শিক্ষকতা, ব্যাংকের হিসাব থেকে সংবাদের পাতা, শোবিজের বিশাল জগৎ থেকে প্রান্তিক পর্যায়ে আজ বাঙালি নারীর সফল পদচারণা। নারীকে রুখতে পারেনি কেউ। ধৈর্য, মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস আর মেধা দিয়ে নারী এগিয়ে গেছে বহুদূর। হয়েছেন আধুনিকা, অনন্যা, সর্বজয়া। ফলে ব্যতিক্রম কিছু আর নতুন কিছু করার স্বপ্ন দেখছেন তারা।
ঠিক তেমনই একজন স্বপ্নবাজ তরুণী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর সদরের বাসিন্দা ‘শুভ্রা কুন্ডু’। তিনি ভিন্ন রকম এক অনলাইন খাবারের ব্যবসার উদ্যোগ নিয়েছেন। যা ওই অঞ্চলে এই প্রথম।
‘ফুডবাজ’ এর স্বপ্নদ্রষ্টা শুভ্রা কুন্ডু জানান, ‘আমার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। আমি ভীষন ভোজন বিলাসী, খেতে এবং খাওয়াতে খুব পছন্দ করি৷ রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, রান্না আমার কাছে একটা শিল্প আর এই শিল্পটাকে কাজে লাগিয়ে অনেক দূর যেতে চাই। আমি একজন রাঁধুনিও। নতুন পথে যাত্রা শুরু করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য করছি। সীমিত পরিসরে কিছু একটা শুরু করেছি। সকলে প্রার্থনা করবেন; আমি যেন আমার স্বপ্নকে ঠিকমতো বাস্তবায়ন করতে পারি।’
বার্তা বাজার / ডি.এস